Elegy, Karukriti

নীলম সামন্ত

নীলম সামন্তের কবিতা

শুভেচ্ছা সফর
 
মনে রাখতে চাই না তুই নেই
 
সারা সন্ধে নামকাওয়াস্তের পার্টিতে ভেসে গেলাম 
কাঁচা আমের সরবত আর বর্গীরাজের হাস্যকৌতুক 
ঠায় জ্বলছিল হলুদ লাইট 
 
তুই চলে যাবার দিনে বছর মাস দিন ঘণ্টা সব মিলে
একটা মাত্র আগুনের শিখা ছিল 
হরিদ্বারের বুকে
 
সেদিন থেকে ভেবেছি 
আমার ঠিক কী লেখা উচিত 
                                   প্রাণ সম্পর্কে 
উচ্ছ্বাস কিংবা অনাগত বসন্ত
 
রাজস্থানি ঝুমকোর ধুলো কি কেউ ঝাড়ে? 
 
তোর বাড়ির টবেও আজ সাজানো বোগেনভিলিয়া –
কেউ না কেউ গাইছে 
                         বসন্ত জাগ্রত দ্বারে
আমার আর কি বল
সামান্য লোক-দেখানি স্ট্যাটাস
মেমোরি শেয়ার করা 
                  
                  ওই যে বলেছিলাম 
                              কোকিল সাজতে হয় 
                                        শরীরে গুঁজে নিই ময়ূর পালক
আর বিপরীত ভঙ্গিমায় ভুলে যাই 
কত মানুষের ঘরে শুধু তোর হোঁচট খাবার খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *